মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও ইছামতি নদীর মোহনায় স্থাপিত মিরকাদিম পৌরসভাধীন কাঠপট্রি লঞ্চঘাট ও আশপাশ এলাকায় পলি জমে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। ফলে
লঞ্চ চলাচলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শীতের শুরুতে নাব্য সঙ্কট চরম আকার ধারণ করায় বর্তমানে কোনো যাত্রীবাহী লঞ্চ ঐতিহ্যবাহী কাঠপট্রি লঞ্চঘাটে নোঙর করতে পারছে না। ফলে বাধ্য হয়ে সেসব যাত্রীবাহী লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ানো হচ্ছে। আর যাত্রী যাতায়াত না থাকায় এক সময়ের ব্যস্ততম এই নৌ বন্দরটিতে এখন শুধুই শুনসান নীরবতা বিরাজ করছে।
ঘাট ইজারাদার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের জেলা গুলোতে চলাচলরত দুরপাল্লার যাত্রীবাহি লঞ্চগুলো কাঠপট্রি লঞ্চঘাটে নোঙ্গর করতো। আর যাত্রীরাও এই ঘাট থেকে তাদের গন্তব্যে যেতে পারতেন। ছোট, মাঝারি আর তৃতীল বিশিষ্ট লঞ্চ এই ঘাটে অহরহ ভিড়ানো থাকতো। কাঠপট্রি
লঞ্চঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত এবং ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আনা নেওয়া করা হতো। কিন্তু বছরের পর বছর ধরে পলি পড়ে ধলেশ্বরী ও ইছামতি নদীর মোহনা এলাকায় নাব্য সঙ্কট দেখা দেওয়ায় দীর্ঘদিন ধরে দূরপাল্লার লঞ্চগুলো ঘাটে ভিড়ছে না। মাঝ নদী থেকে ট্রলারে করে যাত্রী ওঠানামা করতে হচ্ছে যাত্রীদের। কখনও কখনও জোয়ারে পানি বৃদ্ধি পেলে কয়েকটি ছোট লঞ্চ নোঙর করতে পারলেও বড় আকারের লঞ্চগুলো মাঝ নদীতে গতি কমিয়ে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা করছে। ফলে প্রতিদিন শত শত যাত্রী ভোগান্তির শিকার হয়ে যাতায়াত করছেন।
কাঠপট্রি লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা গেছে, লঞ্চঘাটটিতে বিরাজ করছে শুনসান নীরবতা। ঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যাচ্ছে না , এমনকি কোন লঞ্চ ঘাটেও ভিড়ছেনা। যে ঘাটে ভোর থেকে রাত অবধি মানুষের কোলাহল ছিলো সেই ঘাটে এখন কোন লোকজন নেই। পল্টুনে দাঁড়িয়ে দেখা গেলো, লঞ্চ ঘাটে আসার চ্যানেলে পানি কোথাও ১০ ফুট আবার কোথাও ৫ ফুট গভীর মাত্র। এতো কম পানি দিয়ে লঞ্চ ভিড়ানোর চেষ্টা করলে তা নদীর তলদেশে আটকে যাবে। এ জন্য লঞ্চগুলো মাঝ নদীতেই ট্রলারে যাত্রী ওঠানামা করাচ্ছে।
যাত্রীদের অভিযোগ , নাব্যতা সঙ্কটের কারনো কোন লঞ্চ
ঘাটে নোঙর করতে পারে না। তাই এই ঘাটে এসে প্রায়ই ফিরে যেতে হচ্ছে যাত্রীদের। তখন অতিরিক্ত ভাড়া খরচ করে বিকল্প পথে ভায়া হয়ে নিজ গন্তব্যে যেতে হচ্ছে। এতে একদিকে হয়রানি অন্যদিকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে যাত্রী সাধারণ। এছাড়া দূর- দূরান্ত থেকে আসা যাত্রীদের মাঝ নদী থেকে ট্রলার দিয়ে ঘাটে এনে নামতে হচ্ছে। এক দিকে কাঠপট্রি লঞ্চঘাট থেকে প্রতিবছর রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে যাত্রী সেবা থেকে।
অন্য দিকে এই পরিস্থিতির ফলে নাব্য সঙ্কট নিরসনের লক্ষ্যে বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ টানা কয়েক বছর ধলেশ্বরী ও ইছামতি নদীর মোহনা ও আশপাশ এলাকায় খননের কাজ করে। তাতে কোটি কোটি টাকা ব্যয় হলেও কাঠপট্রি লঞ্চঘাটে লঞ্চ নোঙর করার কোনো কাজে আসেনি।
ঘাট ইজারাদার সংশ্লিষ্টদের ভাষ্য, ঘাটের পল্টুন ধলেশ্বরীর মূল নদীতে স্থানান্তর করা হলে প্রতি বছর এখানে ড্রেজিং করতে হবে না। গচ্চা যাবে না সরকারের কোটি কোটি টাকা। একই সাথে পয়েন্টের দুই পাশে গাইডওয়াল নির্মাণ করা গেলে লঞ্চ চলাচলে কোন বাঁধা থাকবে না। অথচ রহস্যজনক কারনে বিআইডব্লিওটিএ সেই উদ্যোগ নিচ্ছে না।
এ বিষয়ে বিআইডব্লিওটিএ নারায়নগঞ্জ কার্যালয়ের
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিরকাদিম পৌরসভাধীন কাঠপট্রি
লঞ্চঘাটের নাব্যতা সঙ্কটের বিষয়টি দীর্ঘদিনের। নাব্য সঙ্কট নিরসনের লক্ষ্যে বেশ কয়েকবার ড্রেজিং করা হয়েছে, কিন্তু সুফল পাওয়া যায়নি। তারপরও সৃষ্ট সমস্যা নিয়ে আগামীতে কার্যকর পরিকল্পনা গ্রহন করা হবে। যাতে ঐতিহ্যবাহী কাঠপট্রি ঘাটে লঞ্চ নোঙর করতে পারে, নৌ চলাচল স্বাভাবিক হয়।
মতামত