মুন্সীগঞ্জ পৌরসভায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তকরণ ও তার তালিকা তৈরী বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল থেকে পৌরসভার প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযানের প্রথম দিনে ৭টি নির্মানাধীন ভবনসহ ৮টি ভবন পরিদর্শনকালে সবগুলো ভবনই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প সহনীয় নির্মাণ মানদণ্ড সঠিকভাবে অনুসরণ করছে না বলে প্রতীয়মান হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক মাস ধরে বিশেষ পরিদর্শন কার্যক্রম চলবে, এবং অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে বিএনবিসি-২০২০ কোড অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দুই দফা ভূমিকম্পের পর ভবন নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্ত করতে বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। প্রথম দিনের অভিযানে খালইস্ট, মালপাড়া ও মানিকপুর এলাকায় মোট ৮টি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে ৭টি ভবনই নির্মাণাধীন এবং ১টি ভবন খালি অবস্থায় রয়েছে। সেগুলো পরিদর্শনে দেখা যায়, এসব ভবনের কোনোটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প সহনীয় নির্মাণ মানদণ্ড সঠিকভাবে অনুসরণ করছে না। উল্লেখযোগ্য অনিয়মগুলোর মধ্যে পাওয়া গেছ, ৭টি ভবনের প্রায় কোনোটিতেই যথাযথ সেটবেক রাখা হয়নি। অধিকাংশ এক্সেস রোড মাত্র ৮ ফুট প্রশস্ত, কিছু এলাকায় ১২ ফুট থাকলেও তা পর্যাপ্ত নয়। মাটির গুণাগুণ অনুযায়ী বেইসমেন্ট ও পাইলিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়নি। ভবনের চারপাশে প্রয়োজনীয় অফসেট এড়িয়া বজায় রাখা হয়নি।
সূত্র আরও জানায়, পরিদর্শন টিমের নেতৃত্ব দিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ। টিমে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার, ইদ্রিস আলী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রমুখ।
পৌরসভা সূত্র জানায়, দ্রুত বাড়তে থাকা বহুতল ভবন নির্মাণের সংখ্যার বিপরীতে অনেকেই নিয়ম মেনে নকশা অনুমোদন না নিয়ে নির্মাণকাজ করছেন। এতে ভবনের স্থায়িত্ব কমার পাশাপাশি ভূমিকম্পসহ যে কোনো দুর্যোগে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। তাই জননিরাপত্তার স্বার্থে ভবন নির্মাণে অনুমোদন গ্রহণ ও বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের জন্য পআহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মতামত