কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। তার বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৭২ সালে লৌহজং উপজেলার কাজীর পাগলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন।
ইমদাদুল হক মিলন লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলায়ই জনপ্রিয়। দুই বাংলায়ই তার 'নূরজাহান' উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ছিলেন।
সাহিত্যকীর্তি
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ২ শত। অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।
নাটক
তার লেখা দেড়শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যুবরাজ, কোথায় সেজন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে, বিপুল দর্শকপ্রিয়তা পায়।
পুরস্কার ও স্বীকৃতি
১৯৮৬: বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার। ১৯৮৭: ইকো সাহিত্য পুরস্কার। ১৯৯২: হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার।
১৯৯২: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ১৯৯৩: পূরবী পদক। ১৯৯৪: বিজয় পদক। ১৯৯৫: মনু থিয়েটার পদক।
১৯৯৫: যায়যায়দিন পত্রিকা পুরস্কার। ১৯৯৬: ঢাকা যুব ফাউণ্ডেশন পদক। ২০০২: বাচসাস পুরস্কার। ২০০৪: জিয়া শিশু একাডেমী কমল পদক। এস এম সুলতান পদক
জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, (২০১৬), কাজী মাহবুবউল্লাহ পুরস্কার ২০১৮, একুশে পদক (২০১৯) ।
মতামত