মুন্সীগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলা পুলিশের আয়োজনে জেলার ছয়টি থানার কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খেলা। এ খেলার সঙ্গে গ্রামীণ সংস্কৃতি ও শেকড়ের গভীর সম্পর্ক রয়েছে। কাবাডি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক সক্ষমতা, সাহস, শৃঙ্খলা, কৌশল, আত্মবিশ্বাস ও দলগত সহযোগিতার শিক্ষা দেয়।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, জয়-পরাজয় খেলারই অংশ। প্রতিটি দল খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শন করবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় তিনি খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
টুর্নামেন্টে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন।
টুর্নামেন্টে জেলার ছয়টি থানার সমন্বয়ে গঠিত ছয়টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মুন্সীগঞ্জ জেলা কাবাডি ফেডারেশনের সদস্যরা।
মতামত