মুন্সীগঞ্জ শহরের মার্কেট গুলোতে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভীড় বেড়েছে শহরের প্রতিটি শপিংমল ও বিপণী বিতানে। ঈদে ক্রেতাদের দৃষ্টি কারতে বাহারী রঙের লাইটিং দিয়ে সাজানো হয়েছে শপিংমল ও বিপণী বিতান।
ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে শপিংমলগুলোতে সব বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। পাশাপাশি ফুটপাতেও কেনাকাটায় ব্যস্ত স্বল্প আয়ের মানুষেরা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে কেনাকাটা। নিজের কিংবা প্রিয়জনের জন্য ঈদের পোষাক কেনাকাটা করতে মার্কেট গুলোতে ছুটছেন ক্রেতারা। জেলা শহরের মসজিদ মার্কেট, জিএইচ সিটি সেন্টার, আফতাব উদ্দিন শপিং কমপ্লেক্স, শহর জামে মসজিদ মার্কেট ও জেলা পরিষদ মার্কেটে ক্রেতাদের ভীড় চোখে পড়ার মতো।
এদিকে, সকল বয়সী মেয়েদের পাশাপাশি ছেলেরাও দেশি বিদেশি পছন্দের পোশাক বেছে নিতেই ব্যস্ত। রেডিমেট ও তৈরি পোশাকের পাশাপাশি ভীড় বেড়েছে জুতা, স্যান্ডেল ও কসমেটিকসের দোকান গুলোতে। দাম বেশী নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতি অভিযোগ থাকলেও, শেষ পর্যন্ত
পছন্দের পোশাক কিনতে পেড়ে খুশি। আবার রেডিমেড আধুনিক ডিজাইনের পোশাকের চাহিদা বেশি থাকার পরেও ব্যস্ততার শেষ নেই জেলার দর্জিরপাড়ায়। বিপনী বিতান গুলোতে বেশি বিক্রি হচ্ছে বাচ্চাদের পোশাক। সে সাথে বিক্রি হচ্ছে নারীদের থ্রিপিস। তুলনামূলক কম বিক্রি হচ্ছে পুরুষদের পোশাক সামগ্রী।
শহরের আফতাবউদ্দিন কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা আনোয়ার হোসেন বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসছে দাম তত বাড়ছে। পছন্দসই জিনিসও কমবে। তাই যত তাড়াতাড়ি কেনাকাটা করা যায় ততই ভালো। তাই এসেছি। প্রথমে শিশুদের, পরে বাড়ির নারীদের জন্য জামা কিনেছি। এখন বাকি পুরষদের। আমরা কিছু পাঞ্জাবি কিনবো।
মাহফুজা আক্তার খানম নামের এক ক্রেতা বলেন, ‘মেয়ের জন্য জামা কিনলাম। তবে গতবারের তুলনায় এবার সব জামারই দাম তুলনামূলক বেশি। নারীরা জামার সঙ্গে মিলিয়ে ক্রয় করছেন বিভিন্ন ধরনের জুতা।
নারীদের পোশাকের দোকানদার মো. হানিফ বলেন, এবার নারীদের ৪-৫ হাজার টাকা দামের পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। ডলারের দামও বেশি। আমাদের কিনে আনতে খরচ বেশি পড়ে যাচ্ছে।
মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ী মো. জনি বলেন, অন্যান্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তার প্রভাব পোশাক-পরিচ্ছদের ওপর পড়েছে। আমাদের পাইকারি-ই বেশি দামে কেনা পড়ে যাচ্ছে। এমন নয় যে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, সন্ধ্যার পর কাস্টমার বেড়ে যায়। এবার কেনাকাটা বেশ জমজমাট। আলহামদুলিল্লাহ! ভালো বেচাকেনা হচ্ছে।
বিক্রেতারা বলেন, এবার বেচাবিক্রি ভালো হচ্ছে। দাম একটু বেশি হলেও ক্রেতারা তাদের পছন্দ মতো কাপড় কিনতে পেরে খুশি। বিপণি বিতান গুলোতে নারীদের ভিড় লক্ষণীয়। বাজার ঘুরে দেখা গেছে, মেয়েদের থ্রি-পিস ২০০০-৬৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জুতার দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।
ব্যবসায়ীরা বলেন, মুন্সীগঞ্জে বেশ কয়েকটি উন্নত মানের দোকান হওয়ায় এবার ক্রেতাদের ঢাকা ও নারায়ণগঞ্জে যেতে হয়নি। তাঁরা মুন্সীগঞ্জেই কেনাকাটা সারতে পারছেন।
ঈদের বাজার করতে এসেছিলেন সুরাইয়া আক্তার। তিনি বলেন, এবার জিনিসপত্রের দাম অনেক বেশি। ঈদের জন্য তিন হাজার টাকা দামের একটি থ্রি-পিস কিনেছেন। এখন পছন্দসই স্যান্ডেল ও প্রসাধনসামগ্রী কেনার জন্য ঘুরছেন। কফিলউদ্দিন নামের অপর ক্রেতা ঈদের পাঞ্জাবি ও পাজামা কিনেছেন দুই হাজার টাকায়। তিনি বলেন, দাম বেশি। তার পরও ঈদ, কিনতে তো হবেই।
মতামত