চলমান উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার মুন্সীগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন। এ সময় তিনি পৌরসভার রুটিন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমূহ জনস্বার্থে ত্বরান্বিত করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় পৌর প্রশাসক মৌসুমী মাহবুব, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামসহ পৌরসভার কার্য সম্পাদনে সহায়তা কমিটির কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পরিদর্শনকালে সরকারি, দাতা সংস্থা এবং পৌরসভার তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। যে সকল প্রকল্পের ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন সেগুলো দ্রুত ভিত্তিতে মানসম্মতভাবে টেকসই বাস্তবায়নের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং করার জন্য পৌর কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ-
অন্যদিকে মুন্সীগঞ্জ পৌরসভা এলাকার ট্রাফিক জ্যাম এবং অটোরিকশা-মিশুক নিয়ন্ত্রণে পৌরসভাকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং ফুটপাতসমূহ দখলমুক্ত রাখতে কার্যকরী পদক্ষেপ আশু বাস্তবায়ন করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে জনবান্ধব করতে ওয়ার্ডভিত্তিক কর্মপন্থা গ্রহণ করতে বলেছেন। একই সঙ্গে কাউন্সিলরদের অনুপস্থিতিতে বিদ্যমান কার্যসম্পাদন কমিটির কর্মকর্তারা ওয়ার্ড ভিত্তিক পৌরসভার নাগরিক কার্যক্রম ও সেবা নিশ্চিতে নিবিড় তদারকি নিশ্চিত করতে বলেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
#
পৌরসভার গৃহীত স্কীম বাস্তবায়ন করতে বলেছেন জেলা প্রশাসক
বর্তমানে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) অধীনে রেড ক্রিসেন্ট থেকে সুপার মার্কেট পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ, সুপার মার্কেট থেকে জেনারেল হাসপাতাল-মানিকপুর পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, ডিসি অফিস থেকে কাটাখালী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ, সুপার মার্কেট থেকে সদর বাজার পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ, মোল্লারচর এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গৃহীত স্কীম বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার কোভিট-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও ড্রেন নির্মাণ কাজকে বেগবান করতে বলেছেন। উপরোক্ত প্রকল্পের পাশাপাশি পৌর শিশু পার্ক, লঞ্চঘাট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকার সড়ক বাতি নতুনভাবে স্থাপন ও মেরামত করতে প্রকৌশল বিভাগকে যথাসম্ভব তৎপরতা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
আন্ত:খাল সংযোগ প্রকল্প নিয়ে পরামর্শ দিলেন জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ পৌরসভার অভ্যন্তরে প্রবাহমান ৭টি খাল নিয়ে আন্ত:খাল সংযোগ প্রকল্প গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্ত:খাল প্রকল্পের আওতায় খাল সমূহের দুই পাড়ে সড়ক নির্মাণ, খালের পাড় বাঁধাই ও সৌন্দর্যবর্ধন করা হবে। এতে মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাবলিক এনভায়রনমেন্টাল পার্ক ও ইকো জোন সৃষ্টি হবে। আন্ত:খাল সংযোগ হলে নৌ-রুটে পৌরসভার অনগ্রসর চরকিশোরগঞ্জ এলাকায় ট্যুরিজম জোন এবং মডেল টাউন নির্মাণের বিষয়টি পৌরসভার মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হচ্ছে মর্মে জেলা প্রশাসককে অবহিত করার হয়েছে।
মতামত