পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। ইফতারের অন্যতম অনুষঙ্গ হওয়ায় রমজানের আগে থেকেই লেবুর চাহিদা বেড়েছে। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও রোজার সাথে সম্পর্কিত প্রায় সকল কাঁচা সবজির দামই প্রায় দিগুণ হয়েছে।

শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি হালি লেবু ১২০ থেকে ১৭০ টাকা, একবারে ছোট লেবু ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় প্রায় তিনগুন। যেগুলো ১৭০ টাকা বিক্রি হচ্ছে অথচ গত সপ্তাহে এগুলো ছিলো ৪০ টাকা হালি। যেগুলো ৩ টাকা পিস বিক্রি হতো সেগুলো পনের টাকা ধরে বিক্রি করছে। অনেক জায়গায় মানভেদে দাম আরও বেশি চাওয়া হচ্ছে। অথচ মানসম্মত ও রসালো লেবু মিলছে না বলেও অভিযোগ রয়েছে ক্রেতাদের। এছাড়াও কাঁচা মরিচ, টমেটো, বেগুন, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে।
একাধিক ক্রেতা জানান, রমজানে ইফতারে শরবত, সালাদ ও বিভিন্ন খাবারে লেবুর ব্যবহার অপরিহার্য। কিন্তু অতিরিক্ত দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনা সম্ভব হচ্ছে না। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। পাশাপাশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি। তাছাড়া লেবুর গড় সিজনের কারণে দাম একটু বেশি। পেঁয়াজের দাম আড়ৎ প্রতিদিনই বাড়ছে। আমরা বেশি দামে কিনে এনে, বেশি দামে বিক্রি করছি। আমাদের কিছু করার নেই। দাম কমাতে হলে আড়ৎ ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা দরকার।
তবে ক্রেতাদের দাবি, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। আবার হাত বদলের মাধ্যমে ও দাম বেড়ে যাচ্ছে কয়েকগুন।
ক্রেতারা আরও জানায়, পাইকারি বাজারে যদি দাম বেশিই থাকে থাহলে ভিন্ন ভিন্ন বাজার গুলোতে দাম ভিন্ন কেন?। পাইকারি বাজারে বেশি থাকলে তো প্রায় সব খুচরা বাজারে দাম একই হওয়ার কথা। এতেই বুঝাই যায় এখানে একটি অসাধু সিন্ডিকেট কাজ করছে।
সচেতন নাগরিকরা বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কঠোর নজরদারি প্রয়োজন। বাজার মনিটরিং জোরদার করা হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের উপপরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা প্রতিদিনই বাজারে মনিটরিং করছি। পাইকারী বাজারে সাপ্লাই কম থাকায় খুচরা বাজারে দাম বেশি। স্থানীয় বাজার গুলোর বিক্রেতারা ঢাকা থেকে বেশি দামে কিনে আনছে বিধায়, খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। আমাদের বাজার মনিটরিং অব্যাহত আছে।
ক্রেতাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখবে। না হলে পবিত্র এই মাসে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। এছাড়াও সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বাড়বে।
মতামত