মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, এমনকি নতুন বছরের মার্চ পর্যন্ত চাহিদা পূরণ করা যাবে। এই সময়ে কেউ যদি সারের সংকট তৈরির চেষ্টা করে অথবা বেশি দামে সার বিক্রি চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন তিনি।
আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষকরা বিএডিসির বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সার ও বীজ এর দাম মনিটরিংয়ের জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং তথ্য দিয়ে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক আরও বলেন, অতি শীঘ্রই কৃষকদের স্বার্থ রক্ষায় কোল্ড স্টোরেজের মালিকদের সাথে সভা করা হবে। মুন্সীগঞ্জের কৃষকদের পণ্য সংরক্ষণে ৪ টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে এবং অতি শীঘ্রই মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
মতামত