মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত আড়িয়াল বিল এলাকা
পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মঙ্গলবার দুপুরের পর শ্রীনগরের গাদিঘাট এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সমাগত হারভেস্টিং পিরিয়ডকে সামনে রেখে কৃষি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানি তেলের প্রাপ্যতা বিষয়ে খোঁজখবর নেন। চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি তেল যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন তিনি।
এ সময় উপস্থিত কৃষকরা জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীকে জানিয়েছে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের দেওয়া প্রত্যয়নপত্রের মাধ্যমে তারা প্রয়োজনীয় জ্বালানী সংগ্রহ করতে পারছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জ্বালানির চাহিদা পূরণ হচ্ছে এবং জ্বালানি তেল প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে না।
জ্বালানি তেল প্রাপ্তিতে হয়রানি না হওয়ায় আড়িয়ল বিলের কৃষকরা সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কৃষকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যাবলী ও প্রয়োজনীয়তার বিষয়গুলো অবগত হন এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
আড়িয়াল বিল পরিদর্শনকালে জেলা প্রশাসকের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উল্যাহ,
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এবং আড়িয়াল বিল এলাকাস্থ কৃষকগণ।
মতামত