পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও অর্থনীতিরও সহায়ক। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। আজ (১০ জুলাই) শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঘোড়দৌড় বাজারে বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ একটি গাছ রোপণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ভিত্তি তৈরি করা। কেবল গাছ লাগালেই হবে না, সেগুলো বড় করে তোলার দায়িত্বও সবাইকে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
আব্দুস সালাম আজাদ বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণকে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থী, যুবসমাজ, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সংসার সদস্য আরও বলেন, সবুজে ঘেরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাবুল সারেং। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম দোলন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, বাদল হোসেন হাওলাদার, শাহ কামাল ঢালী, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ পদ্মাপাড়ে অবস্থিত পদ্মাবতী পার্কে গাছের চারা রোপণ ও ৪৫০ জনকে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
মতামত