মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি কৃষি সেবা, ভর্তুকি ও প্রণোদনার আওতায় প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করতে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন। নিবন্ধন শেষে কৃষকদের দেওয়া হবে ‘কৃষক কার্ড’ বা ‘ফার্মার্স কার্ড’।
কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষণ এবং বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রমে তাদের অগ্রাধিকার নিশ্চিত করা।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা অন্তত ১০ ধরনের সরকারি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্রপাতি, সরকারি প্রণোদনা, মোবাইল ফোনে কৃষি পরামর্শ, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারদরের তথ্য, কৃষি বীমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ।
কৃষক কার্ড একজন কৃষকের সরকারি নিবন্ধিত পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এতে কৃষকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের তথ্য, জমির পরিমাণ এবং চাষাবাদ-সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। ফলে বীজ, সার, কৃষিযন্ত্র, প্রণোদনা ও অন্যান্য সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ ছাড়া কৃষক কার্ডধারীরা আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। মোবাইল ফোনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই দমন এবং বাজারদর সম্পর্কিত তথ্যও নিয়মিত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
কৃষক কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর এবং কৃষিজমির তথ্য প্রয়োজন হবে। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, কৃষক কার্ড কার্যক্রমের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যে রশুনিয়া ইউনিয়নে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। প্রকৃত কৃষকদের কার্ডের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে মনিটরিং করছে। কৃষকদের সঠিক তথ্য দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, প্রকৃত কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সমন্বিতভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে এবং সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে।
মতামত