মুন্সীগঞ্জের গজারিয়ায় আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাথাভাঙা এলাকায় অবস্থিত মেঘনা মাল্টিপারপাস হিমাগার প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ও ইউজিডির সাবেক ভাইস-চ্যান্সেলর ড. জাহাঙ্গীর আলম, বিসিএসএ-এর অতিরিক্ত সচিব (অবঃ) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক এবং মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহছান উল্যাহ প্রমুখ।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম।
কর্মশালায় বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলু উৎপাদনের কৌশল, রোগবালাই দমন, উৎপাদন ব্যয় হ্রাস, আলুর বহুমুখী ব্যবহার এবং দীর্ঘমেয়াদে হিমাগারে সংরক্ষণের সময় গুণগত মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ ও সঠিক সংরক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে অধিক লাভবান হতে পারেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আলুর ব্যবহার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজনের দাবি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ও এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)-এর উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।
মতামত