বৃষ্টি, তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, আলোকঘণ্টা সংক্রান্ত নানাবিধ তথ্য কৃষকদের মাঝে আগাম সরবরাহের জন্য সারাদেশের মতো মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮টি ইউনিয়ন পরিষদ অফিসে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। কিন্ত কৃষকদের অভিযোগ, সরকারি এ সুবিধার বিষয়ে তারা কিছু জানেন না।
খোঁজ নিয়ে জানা যায়, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা ও সঠিক সময়ে চাষাবাদের জন্য আগাম তথ্য দিতে ২০১৭-১৮ অর্থবছরে এ প্রকল্প গ্রহণ করে কৃষি সম্প্রসারণ ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। এটি পরিচালনার জন্য ওই সময় প্রত্যেক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দুইদিন করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আবহাওয়া বিষয়ক সফটওয়্যারসহ প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হয়। সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করার জন্য সরকারি ভাবে প্রতিমাসে ইন্টারনেট প্যাকেজ দেওয়া হচ্ছে। তবুও মুখ থুবড়ে পড়েছে আবহাওয়া কৃষি পূর্বাভাস বোর্ড।
গতকাল রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষি আবহাওয়া বোর্ড গুলো ইউনিয়ন পরিষদ ভবনে নামমাত্র স্থাপন করা হয়েছে। এ বোর্ড থেকে কৃষকদের নিয়মিত কৃষি আবহাওয়া পরামর্শ সেবা পাওয়ার কথা থাকলেও তা
তারা পায়নি। অযত্নে আর অবহেলায় পড়ে আছে ডিসপ্লে বোর্ড, সোলার প্যানেল ও রেইন গেজ মেশিন গুলো। কোথাও কোথাও আবার খুলে রাখা হয়েছে।
উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, ভবনের বারান্দায় এক কোনায় দেওয়ালে টাঙানো কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড পুরোপুরি অচল। বোর্ডে কোনো তথ্য হালনাগাদ নেই। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য নিচে থাকা কৃষি কর্মকর্তাদের মোবাইল নম্বরও দেওয়া হয়নি। এমনকি বোর্ডের উপর পাখির বাসা বেঁধেছে। বোর্ডটির কার্যকারিতা নেই এবং স্থানীয় কৃষকরা এই সরকারি সুবিধার কোনো সেবা পাচ্ছেন না।
শুধু টেংগারচর ইউনিয়ন পরিষদ নয়, ভবেরচর, গুয়াগাছিয়া, হোসেন্দী ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের একই চিত্র। অনেক ইউনিয়ন পরিষদে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের কোনো অস্তিত্বই নেই।
কৃষকেরা জানান, স্থাপনের পর থেকে বোর্ডের চাকা একদিনও ঘোরেনি এবং এখান থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতি বছর ফসলের ক্ষতি সত্ত্বেও এই বোর্ড কোনো কাজে আসছে না। ফলে সরকারের এ প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রকল্পের সুফল পাচ্ছেন না, অন্যদিকে নষ্ট হতে চলেছে সরকারের অর্থ।
কৃষকরা দাবি জানিয়েছেন, স্থাপিত বোর্ডগুলো দ্রুত সংস্কার করে তথ্য হালনাগাদ করা প্রয়োজন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের আগাম কৃষি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য পূর্বাভাস বোর্ড স্থাপন করা হয়েছিল। তবে নানাবিধ কারণে অধিকাংশ যন্ত্রপাতি অকেজো হয়ে আছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি আরও জানান, যদি সরকারের পক্ষ থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে পুনরায় এই প্রকল্প কার্যকর করা সম্ভব হবে।
মতামত