মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফর উদ্দীন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আফর উদ্দীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভাটখাওয়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের শাহ আলমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি জমিতে আলু বপণের জন্য পানি দেওয়ার সময় বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আফর উদ্দীন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া থানার এসআই মেহেদী মোস্তাক আহমেদ জানান, নিহতের লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত