ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলস্টেশনসংলগ্ন ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকামুখী লেনে এক্সপ্রেসওয়ের পাশে একটি পণ্যবাহী ট্রাক থেমে ছিল। এ সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন এবং কয়েকজন বাসের ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজার তারেক নিহত হন। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। সংঘর্ষের পর তার মরদেহ বাসের ভেতরে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ভোরের দিকে এক্সপ্রেসওয়েটি ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তারেক বাসটির সুপারভাইজার ছিলেন। আহত ৬ থেকে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।
মতামত