মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সমুত্র সাহা (৯) কুড়িয়ে পাওয়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডসমৃদ্ধ একটি মানিব্যাগ থানার মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা যায়, সমুত্র সাহা তার পরিবারের সদস্যদের সঙ্গে হাটার সময় শুক্রবার রাত ৮ টার দিকে জমিদারপাড়া এলাকায় রাস্তা একটি মানিব্যাগ কুড়িয়ে পান। মানিব্যাগে নগদ টাকা, একাধিক জরুরি ব্যাংক কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি ফটোকপি ছিল। প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে তারা সেটি মুন্সীগঞ্জ থানায় জমা দেন।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে রহিম মোল্লা নামের একজনের পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে থানায় আসতে বলা হয়। পরিচয় যাচাই শেষে নগদ টাকাসহ সম্পূর্ণ মানিব্যাগটি রাতেই তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় মানিব্যাগ ফিরে পেয়ে রহিম মোল্লা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সমুত্র সাহার সততা এবং মুন্সীগঞ্জ থানা পুলিশের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
মতামত