‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের বালুর মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ মহড়ার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেছা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনি রহমান, সিরাজদীখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন এবং বণিক সমিতির সহসভাপতি আতাউর রহমান হাওলাদার।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ারের নেতৃত্বে একটি চৌকস দল অগ্নিকাণ্ডের সময় জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করে। বিশেষ করে বসতবাড়ি বা বাজারে আগুন লাগলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়—তা হাতে-কলমে দেখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতামত