শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের চর বেহেরপাড়া এলাকায় নিজ অর্থায়নে দুটি সাঁকো নির্মাণ করেছেন সমাজসেবক আলামিন বেপারী চুন্নু। এ উদ্যোগে চরাঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (৩০ মে) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সাঁকো দুটি উদ্বোধন করা হয়। সাঁকো নির্মাণের ফলে চর বেহেরপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন হয়েছে।
এলাকাবাসী জানান, সাঁকো দুটি নির্মাণের মাধ্যমে অন্তত পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হয়েছে। আগে খাল পারাপারের জন্য অনেককে বিকল্প পথে মোটরসাইকেলে চলাচল করতে হতো। আর যাদের সে সামর্থ্য ছিল না, তারা দীর্ঘ পথ হেঁটে দিঘিরপাড়ে যাতায়াত করতেন। এতে সময় ও শ্রম দুটোই বেশি ব্যয় হতো।
উদ্বোধন অনুষ্ঠানে দাদন ঢালী, হবি মোল্লা, সাজাহান মোল্লা, সিরাজ বেপারী, সোহেল মোল্লা, ফরহাদ বেপারী, কামাল, রিফাত বেপারী, পলাশ বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলামিন বেপারী চুন্নু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এলাকার মানুষের যাতায়াতের কষ্ট লাঘবের লক্ষ্যে আমি নিজ অর্থায়নে দুটি সাঁকো নির্মাণ করেছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন পেলে শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নির্বাচিত হলে চর বেহেরপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন এবং এসব সাঁকোর স্থলে স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেবেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা চুন্নু বেপারীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত