মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বাজারে বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার টঙ্গীবাড়ি বাজারের মাঝি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে কোরিয়ান বিউটি শপে বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিকস বিক্রি হতে দেখা যায়। তবে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ ছিল না। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক অর্নব ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে কে বিউটি ব্র্যান্ড নামের আরেকটি দোকানেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। সেখানে বিক্রিত বিদেশি কসমেটিকসের মোড়কেও আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ ছিল না। এ কারণে দোকানটির ব্যবস্থাপক শান্ত শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাঁকে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।
মতামত