মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়নের তৌলকাই গ্রামে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা ও কাঠের পুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন শত শত কৃষক।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৌলকাই গ্রামের কৃষকরা ওই রাস্তা ও কাঠের পুল ব্যবহার করে তাদের কৃষি জমিতে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি শাহ আলম বেপারী নিজ উদ্যোগে রাস্তা ও পুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দেন। ফলে কৃষকরা জমিতে কৃষি উপকরণ নেওয়া, ফসল আনা-নেওয়া এবং দৈনন্দিন কৃষিকাজ পরিচালনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুমে বিকল্প কোনো সহজ পথ না থাকায় তাদের কয়েক কিলোমিটার ঘুরে জমিতে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। অনেক কৃষক আশঙ্কা করছেন, চলাচল স্বাভাবিক না হলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বার্থে ব্যবহৃত রাস্তা ও পুল দ্রুত উন্মুক্ত করে কৃষকদের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে শাহ আলম বেপারি মুঠোফোনে জানান, আমার যাতায়াতের প্রয়োজনে আমার ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা বানিয়েছিলাম। এখন প্রয়োজন না থাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে।
মতামত