সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদে অশালীন মন্তব্য করাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র ঢালী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে থাকা একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
গত শনিবার (২৪ অক্টোবর) ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে ‘Parimal Chandra Dhali’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “পু/ট/কি মারতে খুব বেশি পছন্দ করে।” ডিবিসি নিউজের ওই পোস্টের শিরোনাম ছিল, “একজন অপরাধ করলে পুরো প্রতিষ্ঠান দায়ী হবে কেন; প্রশ্ন কাউমি বক্তা তাসরিফকে...”। পোস্টটির মন্তব্যের ঘরে বিভিন্ন ব্যক্তি নানা ধরনের প্রতিক্রিয়া জানান। এর মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যটি অশালীন ভাষার ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি করে।
পরিমল চন্দ্র ঢালী লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের হিন্দুধর্ম বিষয়ের সিনিয়র শিক্ষক। একজন শিক্ষকের নামে থাকা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য প্রকাশ্যে আসায় তাঁর পেশাগত শিষ্টাচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিকতা, শালীনতা ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখেন। এ কারণে তাঁদের প্রকাশ্য বক্তব্য ও অনলাইন আচরণে সংযম প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে শিক্ষক পরিমল চন্দ্র ঢালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সারাদেশে যেভাবে এসব ঘটনা ঘটেছে, তাই এমন মন্তব্য করেছি। তবে এভাবে মন্তব্য না করে অন্যভাবে বলা দরকার ছিল।’
এ বিষয়ে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিমল চন্দ্র ঢালীর সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন। পরে এ বিষয়ে জানতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মুন্সীগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত