ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ৬জন যাত্রীরা নেমে পড়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও স্বজনসহ ৬জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। পথে কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ যাত্রীদের দ্রুত নামিয়ে দেন। যাত্রীরা নামার পরপরই অ্যাম্বুলেন্সটিতে দাউদাউ করে আগুন ধরে যায়।
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অ্যাম্বুলেন্সটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আরিফ আনোয়ার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটে। তবে সবাই নিরাপদে বের হয়ে আসায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
মতামত