মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজব্যবস্থা গড়ে তুলতে শিশু- কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার কোন বিকল্প নেই,ফলে বিএনপি সরকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন, মুন্সিগঞ্জ-২ আসনের (লৌহজং ও টঙ্গীবাড়ি) সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন,বিএনপি সরকার মানুষের ভাগ্য ও জীবন মান উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বদ্ধপরিকর।
শুক্রবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে দক্ষিণ চারিগাঁও এলাকায়,সরকারি বরাদ্দে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বাইতুন নূর জামে মসজিদ ও তালুকদার ইসলামিক কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে, স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,মুসলিম সমাজের মূল কেন্দ্র মসজিদ। কেননা মসজিদকে কেন্দ্র করেই গড়ে উঠে মুসলমানদের সমাজ। মুমিন মুসলমানরা প্রতিদিন পাঁচবার এই মসজিদে একত্রিত হয়েই জামাতে নামাজ আদায় করেন। প্রতিদিন পাঁচবার সবার সঙ্গে দেখা হয়। এতে একে অপরের মাঝে গড়ে উঠে ভালোবাসা ও ভ্রতৃত্ববোধ। তৈরি হয় একতা। এই একতাই মুসলমানদের সব জায়গায় সমুন্নত রাখে।
বিএনপির এ সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আরো বলেন, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। (সহিহ মুসলিম) হাদিসে আরও বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। (সহিহ বুখারি) সুতরাং মসজিদ নির্মাণ করা অত্যন্ত সওয়াবের কাজ।
তাই এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহ আমাদের খুব আগ্রহের সঙ্গে এগিয়ে আসা উচিত। কোথাও কোনো মসজিদ নির্মাণের কাজ হলে সেখানে সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করা কাম্য। মসজিদ নির্মাণ করা এমন এক পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে।
তিনি জানান,হাদিসে বর্ণিত হয়েছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমল ছাড়া। তা হলো সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা অন্যরা উপকৃত হয় এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আর সদকায়ে জারিয়ার মধ্যে মসজিদ নির্মাণ অন্যতম একটি আমল বা সদকা।
এদিন মসজিদ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় ও মোঃ তৌহিদুল ইসলাম তালুকদার মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার,ফারজানা ববি মিতু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য: ১৯০৫ সালে বাইতুন নূর জামে মসজিদটি প্রায় ৬১ শতাংশ জায়গায় তৈরি হয়। পরবর্তীতে সরকারি সহযোগিতায় ও স্থানীয়দের উদ্যোগে নতুন ভবন এর নির্মাণ কাজের সূচনা হলো।
মতামত