মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে জেগে ওঠা চরে রাতের আঁধারে নির্বিঘ্নে চলছে অবৈধ মাটি লুট। স্থানীয়দের অভিযোগ, গভীর রাত থেকে ট্রলার এসে নদীপাড়ের চরে মাটি কেটে নিয়ে যায় এবং ভোর হওয়ার আগেই এলাকা ছেড়ে চলে যায়।
এলাকাবাসীর দাবি, শেখরনগর পুলিশ ফাঁড়ি ও ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে চলছে এই মাটি কাটার উৎসব। ফুলহারের ফজল বেপারী, নাহিদ, বাবুল এবং চর সোনাকান্দার আমজাদ, সুমনসহ ১৫–২০ জনের একটি চক্র এই কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুয়াশা ঢাকা ভোরে সোনাকান্দা–সৈয়দপুর সেতুর দুই পাশে জেগে ওঠা চরে সারি সারি ট্রলার নোঙর করে শ্রমিকরা মাটি কাটছে। দীর্ঘদিন ধরে মাটি কাটার ফলে চরজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যেখানে আগে কাশবন ও ফসলি জমি ছিল, সেখানে এখন কয়েক পুরুষ সমান গভীর গর্ত দেখা যাচ্ছে।
চরের পাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সোনাকান্দা–সৈয়দপুর সেতু এবং বড় বৈদ্যুতিক খুঁটি। অব্যাহতভাবে মাটি কাটার ফলে সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, সামান্য স্রোত বাড়লেই সেতুতে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। একই সঙ্গে সেতুর পশ্চিম পাশে ফুলহার চরে মাটি চুরির কারণে বড় বৈদ্যুতিক খুঁটিও ঝুঁকির মধ্যে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সোনাকান্দা এলাকায় ট্রলারে মাটি চুরির নেতৃত্বে রয়েছেন হারুন, আমজাদ, সালাউদ্দিন, আরুজ ও রাসেল। অপরদিকে ফুলহার চর ও আশপাশের এলাকায় মাটি চুরির নেতৃত্ব দিচ্ছেন ফজল বেপারী, ফয়সাল, বাবুল, নাহিদ, আয়ুব মৃধা, জুয়েল মৃধাসহ আরও কয়েকজন।
জাকির নামে এক শ্রমিক বলেন, আমরা চুরি করি না। এগুলো ফজল বেপারীর মাটি। আর ওই পাশেরগুলো আমজাদ–সুমনদের।
চর সোনাকান্দা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, রাত হলেই মাটি কাটা শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সোনাকান্দা ও সৈয়দপুর গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে এই মাটি চুরির সঙ্গে জড়িত। আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রশাসন দূরে বসে না দেখে আমারসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাই এখন আর প্রতিবাদ করি না। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যেই পুরো চর নদীতে পরিণত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রাত বারোটা থেকে ট্রলার আসে এবং ভোরের আগেই চলে যায়। বাধা দিতে গেলে শক্তিশালী চক্রটি হুমকি দেয়। তিনি নদীপাড় রক্ষা ও সরকারি মাটি লুট বন্ধে জরুরি নজরদারি এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, আমরা খোঁজখবর নেব এটি আমাদের অংশে পড়ছে নাকি কেরানীগঞ্জের অংশে পড়ছে। এ বিষয়ে আমাদের ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত করা হবে। যদি এটি আমাদের অংশে পড়ে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর যদি কেরানীগঞ্জের অংশে পড়ে, তাহলে বিষয়টি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানানো হবে, যাতে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারি মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত