নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
গতকাল রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, গাইনী ডা. নাসিমা বেগম, কার্ডিওলজী ডা. রোকসান আহমেদ, শিশু বিভাগের ডা. মুহাম্মদ রেজাউল করিম, মেডিকেল অফিসার ডা. সাবরিনা সুলতানা এবং নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও তা এখন পর্যন্ত কার্যকর হয়নি। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কারণে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন।
বক্তারা আরও বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মতামত