আজ ২ জুলাই বৃহস্পতিবার থেকে মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নজরুল বর্ষের উদ্বোধনী কার্যক্রম। আজ ২ থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
গত ২৩ মে ময়মনসিংহে ‘নজরুল বর্ষ' ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে তিন দিনব্যাপী "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন" উপলক্ষ্যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেছেন। এই ঐতিহাসিক ঘোষণাকে সফল ও সার্থক করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়কালেও জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শন প্রসারে অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকার কবি নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বিদ্রোহী কবি নজরুল ইসলামের সাম্য ও অসাম্প্রদায়িক জীবনদর্শন আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এ উদযাপনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সফল করতে আমরা দেশের আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী মহল এবং সম্মানিত সাংবাদিক ভাই-বোনদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ' ঘোষণা করেন। আগামী বছরের ২৫ মে পর্যন্ত উদযাপন করা হবে বলেও জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
দায়িত্বশীল সূত্র জানায়, এ আয়োজন দেশজুড়ে ছড়িয়ে দিতে ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট দুই কোটি একাত্তর লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নজরুল বর্ষের কর্মসূচি হিসেবে বড় পরিসরে ‘নজরুল মেলা, আন্তর্জাতিক নজরুল গবেষক সম্মেলন, দেশব্যাপী নজরুল প্রতিযোগিতা এবং নজরুলের নির্বাচিত শ্রেষ্ঠ লেখা নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মতামত