মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন বলেন, আজকের এই শোকের মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে থেকে কাজ করতে হবে। ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পূর্ব শীলমন্দি এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শীলমন্দি এলাকাবাসীর ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শকে ধারণ করেই বিএনপির সকল নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, খোরশেদ কাজী, দেলোয়ার হোসেন মোল্লা, নুর ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেছ গাজী, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম অনু, সুমন মোল্লা, জসিম মোল্লা, মিথুনসহ আরো অনেকে। মিলাদ মাহফিলে বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।
মতামত