দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী কৃতী সন্তান আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ৪ জুলাই মুন্সীগঞ্জে স্মরণসভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ এবং মরহুম সাবেক সিএসপি নূরুল ইসলাম অণুর স্মৃতি সংরক্ষণে গঠিত অণু মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মরহুমের স্মরণে কাজী কমরুদ্দিন সরকারি ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল হাকিম বিক্রমপুরী মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কৃতিসন্তান, অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য, সমাজসেবক, শিক্ষানুরাগী ছিলেন। মুন্সীগঞ্জ জেলা শহরের কোর্টগাঁও গ্রামে ১৯০০ সালে জন্মগ্রহণ করেন। এবং ১৯৮৭ সালের ৪ জুলাই তিনি মারা যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গবেষক জয়নাল আবেদীন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মুসীগঞ্জ পৌরসভার মেয়র এ. কে. এম. ইরাদত মানু।
এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আব্দুল হাকিম বিক্রমপুরীর নাতি নাছির উদ্দিন এলান, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাবেক সভাপতি অ্যাডভোকোট শহীদ-ই-হাসান তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর মো. হালিম হোসেন, জিপি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, কাজী কমর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান ভুটান, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, লেখক ও গবেষক গোলাম আশরাফ খান উজ্জল, কবি অনু ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে মরহুম আব্দুল হাকিম বিক্রমপুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাংবাদিক ও শিক্ষক শাহনাজ বেগম হীরা। এতে সঞ্চালন করেন যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তামান্না সরকার মনি।
স্মরণসভায় বক্তারা আবদুল হাকিম বিক্রমপুরীর রাজনৈতিক দূরদর্শিতা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুন্সীগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
স্মরণসভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আবদুল হাকিম বিক্রমপুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতী মো. জহিরুল ইসলাম।
মতামত