জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করাই আমাদের দেশের ঐতিহ্য। রোববার জেলা প্রশাসক খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
প্রভু যিশুখ্রিষ্টের শুভ পুনরুত্থান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়। এ বিশেষ উপাসনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা, স্তবগান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রভু যিশুখ্রিষ্টের পুনরুত্থানের তাৎপর্য স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, চার্চের ধর্মযাজক, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চার্চে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। পরে পরিদর্শনকালে তিনি উপাসনার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মতামত