নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত না করে আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। নির্বাচনি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ না দেখিয়ে আইন ও বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা অর্জন করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দৃঢ়তা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, মানবিকতা ও দৃঢ়তার সমন্বয় ঘটাতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
মতামত