মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের একটি মসজিদের মাইক ব্যবহার করে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে সরকারি কার্যক্রমে বাধা ও আইন লঙ্ঘনের শামিল উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও পশ্চিমপাড়া মক্কা জামে মসজিদে কয়েকজন ব্যক্তি মসজিদের মাইক ব্যবহার করে গ্রামের বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার ঘোষণা দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হয়।
এ ঘটনায় নয়াগাঁও পশ্চিমপাড়া মক্কা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ ও জবানবন্দি জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে নয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. রাশেদুল হাসান, মো. আল আমিন চপল ও মো. মকবুল হোসেন দেওয়ানসহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিন মো. আল-আমিনকে দিয়ে জোরপূর্বক বারবার ঘোষণা করান, “আমাদের মুরব্বিদের সিদ্ধান্ত মোতাবেক অত্র গ্রামের কেউ ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স প্রদান করবেন না।”
অভিযোগে আরও বলা হয়, মুয়াজ্জিন ঘোষণা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে জানানো হয়, পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য মসজিদ থেকেও একই ধরনের ঘোষণা দেওয়া হবে।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এ বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক ব্যবহার করে এ ধরনের ঘোষণা দেশের প্রচলিত আইনের লঙ্ঘন।
মতামত