সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুন্সীগঞ্জ কলেজকে আরও মানসম্মত, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ কলেজের গভর্নিং বডির সভা শেষে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে উপরোক্ত প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত অবস্থা, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা নিবিড়ভাবে অবলোকন করেন। বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সমাধানযোগ্য সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী গভর্নিং বডির সভায় যোগদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী।
সভায় মুন্সীগঞ্জ কলেজের সার্বিক শিক্ষার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে কার্যকর ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাবলিক পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তারে গভর্নিং বডির সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জেলা প্রশাসক কলেজ প্রাঙ্গণ পরিদর্শন করেন।
মতামত