ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে জয়ী হওয়ার পর বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজীকে মিষ্টি মুখ করান।
গতকাল শুক্রবার রাতে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে সৌজন্য সাক্ষাৎতে গিয়ে আব্দুল্লাহ নিজ হাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টি মুখ করান। পরে এ কে এম ফখরুদ্দীন রাজী ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করেন এবং দোয়া-মোনাজাত করেন। তিনি শেখ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের জন্য এবং মুন্সিগঞ্জ-১ যাতে একে অপরে মিলেমিশে সুন্দর করে গড়ে তোলার জন্য প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা আমির মাওলানা কবির হোসেন ও সেক্রেটারি ওয়াসিম মিয়া।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের শেখ মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। অর্থাৎ, শেখ মো. আব্দুল্লাহ ৬৬ হাজার ৯৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সিরাজদীখান ও শ্রীনগরের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। মোট কেন্দ্র ১৭০টি। প্রদত্ত ভোট ৩ লাখ ১৬ হাজার ১৭২টি, যার মধ্যে বৈধ ভোট ৩ লাখ ৯ হাজার ৬১০টি এবং বাতিল ভোট ৬ হাজার ৫৬২টি। ভোটের হার ৫৭.৯৮ শতাংশ।
মতামত