‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী ক্যাম্পেইন, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কাজিরপাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনীষা দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
মাদকের ভয়াবহতা ও এর সামাজিক কুফল বিষয়ে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সান্তনু ঘোষ সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন এবং বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও সাদিয়া আক্তার মাঈশা।
পরে লৌহজং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করতে ‘শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা—অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন সূচকের ভিত্তিতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়ন করে কাজিরপাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি ইউএনও ফারজানা ববি মিতু বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র-এর হাতে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুণগত মান, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জবাবদিহিতা, সৃজনশীলতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত