মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। অভিযোগ উঠেছে, চিকিৎসকের কক্ষে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল প্রোমোশন অফিসার (এমপিও) বা প্রতিনিধিরা প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করায় রোগীদের সেবা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন। এ সময় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীদের অপেক্ষায় রেখে চিকিৎসকদের সঙ্গে ওষুধ-সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন। এতে রোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
চিকিৎসাসেবা নিতে আসা শাহিদা আক্তার বলেন, অসুস্থ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আমাদের আগে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকের কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে। আরেক রোগী সেলিনা খাতুন বলেন, প্রচন্ড গরমে প্রায় দেড় ঘন্টা যাবত হাসপাতালে আসছি পায়ে ব্যথা নিয়ে। এখনও ডাক্তার দেখাতে পারিনি। ঔষধ কোম্পানির লোকজন দেখা যাচ্ছে প্রায় শতাধিক হবে। তারা একজনের পর একজন ডাক্তারের সাথে কথা বলছে। আমরা কাদের কাছে এ অভিযোগ দিবো। আপনারা সাংবাদিক আসছেন আমাদের ভোগান্তির কথা তুলে ধরুন। যাতে এভাবে আর কোন কোম্পানির লোকজনের কারণে আমাদের ভোগান্তিতে না পড়তে হয়।
রোগীর স্বজন শাহীন মাদবর বলেন, নির্দিষ্ট সময় অর্থাৎ রোগী যাওয়ার পরে তারা ডাক্তারের কাছে আসুক। কথা বলুক এতে তাদেরও কাজ হবে রোগীরাও স্বাচ্ছন্দ্যে ভোগান্তিবিহীন ভাবে ডাক্তার দেখাতে পারবে। মালেক শিকদার বলেন, অসুস্থতার জন্য আসছি চিকিৎসা নিতে এখানে এসে দেখি আরও অসুস্থ হয়ে যাচ্ছি।
স্থানীয় সচেতন নাগরিক সজিব আহমেদ বলেন, সরকারি হাসপাতালের মূল উদ্দেশ্য হলো দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। রোগীদের চিকিৎসা ব্যাহত করে কোনোভাবেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
স্থানীয়দের দাবি, হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করা হলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে ঔষধ কোম্পানির মেডিকেল প্রোমোশন একাধিক অফিসারের সাথে কথা বললে তারা জানান, সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার আমাদের সুযোগ দেয়া হয়েছে। দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত তাই ডাক্তারদের সাথে কথা বলছি। তারা আরও জানান, ২টার পরে ডাক্তারদের পাওয়া যায় না। তাই এ সময়টি রোগী থাকলেও কথা বলতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাবরিনা সরকার জানান, সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত তাদের সময় দেয়া হয়েছে। সাধারণত এই সময়টায় রোগীর চাপ কমে যায়। তবে তারা এভাবে রোগীদের অপেক্ষা করিয়ে ডাক্তারদের সাথে কথা বলবে বিষয়টি অসন্তোষজনক। কেননা সবার আগে রোগী প্রায়োরিটি সুতরাং আমরা সময় পরিবর্তন করে দিবো। একজন ঔষধ কোম্পানির মেডিকেল প্রোমোশন অফিসার রোগীদের অপেক্ষা করিয়ে ডাক্তারদের সাথে কথা বলতে পারবেন না।#
মতামত