মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্যস্ততম শিমুলিয়া ঘাটে খাবার হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেদে সম্প্রদায়ের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছয়টি রেস্তোরাঁ ও ফাস্টফুড দোকানে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল ব্যবসায়ী, কর্মচারী ও পর্যটকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলায় ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর লৌহজং থানা, পদ্মা সেতু উত্তর থানা, শ্রীনগর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুলিয়া ঘাটের দাদা ভাই ফাস্টফুড অ্যান্ড জুস বারে কয়েকজন বেদে সম্প্রদায়ের লোক জুসের অর্ডার দেন। জুস দিতে কিছুটা দেরি হওয়াকে কেন্দ্র করে দোকান কর্মচারীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে এর প্রায় এক ঘণ্টা পর একটি দল রামদা, চাপাতি, লাঠিসোঁটা ও লোহার রডসহ শিমুলিয়া ঘাটের কয়েকটি খাবারের দোকানে হামলা চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। হামলাকারীরা ছয়টি রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিল, কাচের সামগ্রী, ফ্রিজ, অন্যান্য মালামাল ভাঙচুর ও লুটপাট করে।
হামলায় আহতদের মধ্যে রাজু, রাকিব, ইকবাল, ফেরদৌস, গোলাম রাব্বি, সিদ্দিক, আক্তার, মতি ও স্বর্গসহ অন্তত ১৫ জন রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, হঠাৎ হামলায় ঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সে সাথে এ ঘটনায় ঘাট এলাকায় পর্যটক, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় শিমুলিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত