মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়ায় ঐতিহ্যবাহী শেখপাড়া মুকুল-মঙ্গল ক্লাব ও খেলার মাঠে বহিরাগতদের খেলাধুলা নিষিদ্ধ করেছে ক্লাব কমিটি। মাঠের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সম্ভাব্য সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে বুধবার (২৬ আগস্ট) বিকালে ক্লাব কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮২ সালে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের শ্রম, অর্থ ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় শেখপাড়া মুকুল-মঙ্গল ক্লাব ও মাঠ। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে এই মাঠে স্থানীয়দের খেলাধুলার চর্চা চলে আসছে। তবে সম্প্রতি বহিরাগতদের নিয়মিত খেলাধুলাকে কেন্দ্র করে মাঠের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছে কমিটি।
ক্লাব সূত্রে জানা যায়, গত প্রায় ছয় মাস ধরে ২০ থেকে ২৫ জনের একটি বহিরাগত দল প্রতিদিন বিকেলে মাঠ ব্যবহার করে আসছে। এতে স্থানীয় কিশোর ও তরুণরা নিজেদের মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।
কমিটির সভাপতি মো. জিয়াউল ইসলাম মাসুদ শেখ জানান, বিষয়টি সমাধানের জন্য বহিরাগতদের সঙ্গে আলোচনা করে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে উল্টো অসদাচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।
ক্লাব কমিটির দাবি, পরবর্তীতে স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে খেলার সময় কয়েকজন স্থানীয় খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে ফাউল করে আহত করা হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘাত এড়াতে স্থানীয়রা মাঠ ত্যাগ করেন।
পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি ক্লাব কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শেখপাড়া ও আশপাশের এলাকার বাসিন্দা ছাড়া কোনো বহিরাগত এই মাঠে খেলতে পারবেন না।
সভায় ক্লাবের সভাপতি মো. জিয়াউল হক মাসুদ শেখ, সাধারণ সম্পাদক মো. সুরুজ শেখ, লিওন শেখ, জুলহাস শেখ, বাবু শেখ, সেন্টু শেখসহ এলাকার প্রায় ৫০ জন গণ্যমান্য ব্যক্তি ও জ্যেষ্ঠ নাগরিক উপস্থিত ছিলেন। তারা লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করেন।
ক্লাব কমিটি জানিয়েছে, সিদ্ধান্তের অনুলিপি লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রশাসনের নজরে রয়েছে।
এলাকাবাসীর দাবি, ঐতিহ্যবাহী এই মাঠে স্থানীয়দের খেলাধুলার পরিবেশ বজায় রাখতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে মাঠকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মতামত