মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে এক রেস্টুরেন্ট মালিককে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। এ সময় নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্টে দেখা গেছে রান্না করা খাবার উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে।
তাছাড়া কাচ্চি বিরিয়ানিতে ননফুডগ্রেড রঙ মিশানো হচ্ছে । বাবুর্চি ও কর্মীদের হাত ধোবার জন্য কোনো সাবান দেয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।
মতামত