মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামে জমি ও বাড়ি লিখে না দেওয়ায় প্রবাস ফেরত মজনু খালাসী (৫৫) নামক এক ব্যক্তি কে ঘরের ভেতর আটকে রেখে বেদম মারপিট করেছে তার ছেলে পুত্রবধূ ও নিজের স্ত্রী। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনা প্রবাস ফেরত ওই ব্যক্তির ভাতিজা রবিন হোসেন তার চাচার পক্ষে বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাস ফেরত মজনু খালাসী জানায়, সে সিঙ্গাপুর ও সৌদি আরবে পর্যায়ক্রমে প্রায় ২৬ বছর প্রবাস জীবন কাটিয়ে ছয় মাস আগে দেশে আসে। দেশে আসার পর ছেলে ইয়াসিন সাগর কে ১৫ লাখ টাকা ও স্ত্রী মুক্তা বেগমের কাছে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার বুঝিয়ে দেয়। সম্প্রতি তার ছেলে ও স্ত্রী তার নামে থাকা ঢাকার বাড়ি এবং দেশের জমির লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে। এতে সে রাজি না হওয়ায় শুক্রবার সকালে ছেলে ইয়াসিন সাগর, স্ত্রী মুক্তা বেগম ও পুত্রবধূ জেসমিনা আক্ত মিলে তাকে একটি রুমে আটকে রেখে, হাত পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার নাক মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত