মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের হাইটেক ফ্যাক্টরি সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনের চালকসহ মোট পাঁচজন আহত হন।
দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইকবাল হাওলাদার (৪৫) গুরুতর আহত হন। তার গলা, বাম পা ও ডান হাতে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এছাড়া দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. আবুল হোসেন এবং যাত্রী সালমা বেগম (৪০), মো. জুয়েল (৩২) ও মো. আলমগীর (৪২) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মতামত