মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমির হোসেন কসাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে নারায়ণগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আমির হোসেন কসাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে কঠোর নিরাপত্তার মধ্যে চিকিৎসা নিচ্ছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিরাজদীখানে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে নজরদারিতে রাখা হয়।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আমির হোসেন কসাই পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর জানা যায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় সেখানে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সবাইকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ অক্টোবর সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে আমির হোসেন কসাইয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ তাকে ধরতে গেলে ডিবি পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতামত