মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় দুই দিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পানির এই সমস্যার কারণে অনেক রোগী বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। আর যেসব রোগী এখনো হাসপাতালে ভর্তি আছেন, তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে বাইরে থেকে কষ্ট করে পানি এনে নিজেদের প্রয়োজন মেটাতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পানি না থাকায় রোগী ও তাদের স্বজনরা মারাত্মক কষ্টের মুখোমুখি হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই সমস্যা পুরোপুরি সমাধান হতে আরও অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীরা জানান, পানি না থাকায় তারা হাত-মুখ ধোয়া, টয়লেট ব্যবহার কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারছেন না। হাসপাতালে ভর্তি থাকাটাই এখন তাদের জন্য বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে বাইরে থেকে বোতল বা বালতিতে করে পানি বয়ে এনে প্রয়োজন মেটাতে হচ্ছে।
হাসপাতালে আসা খোদেজা আক্তার বলেন, আমার ছেলেকে নিয়ে এ হাসপাতালে আসছি। গতকাল রাত ১০টা থেকে পানি নেই। বাথরুমে যেতে পারছি না, গোসল করতে পারছি না। নিচ থেকে কষ্ট করে পানি এনে ছেলের মাথায় দিয়েছি। অনেক রোগী পানির অভাবে চলে গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, হাসপাতালের দুটি মোটরই নষ্ট হয়ে যাওয়ায় এই পানি সংকট তৈরি হয়েছে। বিষয়টি আমি লিখিতভাবে মুন্সীগঞ্জ প্রকৌশলী অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
মুন্সীগঞ্জের সহকারী প্রকৌশলী অর্ণব দেবনাথ বলেন, আমি নিজে গিয়ে সার্বিক অবস্থা দেখে এসেছি। পানির সমস্যাটি পুরোপুরি সমাধান হতে আরও দুই দিনের মতো সময় লাগবে। আমরা পুরনো মোটরগুলো তুলে দেখবো সেগুলো মেরামত করা সম্ভব কি না। যদি মেরামত করা যায় তবে সেটাই লাগানো হবে, আর তা না হলে নতুন মোটর বসানোর ব্যবস্থা করা হবে।
মতামত