মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি এক দফা দাবির প্রতি এবং জনগণের ভোটের রায়ের প্রতি সম্মান দেখায়, তাহলে সরকার সম্মানিত হবে। আর জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার টোল প্লাজা-সংলগ্ন এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ও হাত নেড়ে তাঁকে স্বাগত জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা জানেন, সাত দফা দাবি আদায়ে ১১ দলের এটি তৃতীয় লংমার্চ। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ‘সরকার যদি এই এক দফা দাবির প্রতি সম্মান দেখায়, জনগণের রায়ের প্রতি, ভোটের প্রতি সম্মান দেখায়, তাহলে সম্মানিত হবে। কিন্তু যদি জনগণের রায়কে অগ্রাহ্য করে, তাহলে সরকার শুধু অপমানিতই হবে না, সরকারকে এর চরম মূল্য দিতে হবে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় হবে। এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।থ
পথসভায় মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়ালীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করার কর্মসূচি রয়েছে। লংমার্চের শেষ গন্তব্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। সেখানে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। পথে বিভিন্ন স্থানে গণজমায়েতেও ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।
উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ করে ১১ দলীয় ঐক্য।