সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উপজেলার এমপিওভুক্ত কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে বিক্রমপুর আদর্শ কলেজ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রতিষ্ঠানটির সভাপতি হওয়ার পর টানা দুই বছর এ সাফল্যের ধারা বজায় রাখল কলেজটি।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিক্রমপুর আদর্শ কলেজ থেকে ১৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১১১ জন, যেখানে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। কৃতকার্যদের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন। অকৃতকার্য হয়েছেন ২৪ জন। শুধু উপজেলাতেই নয়, ফলাফলের বিচারে জেলাপর্যায়েও প্রতিষ্ঠানটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
উপজেলার অন্যান্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে পাসের হার ৫০.৬৬ শতাংশ, মালখানগর ডিগ্রি কলেজে ৫০ শতাংশ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে ৩৬.৬২ শতাংশ, চিত্রকোট মডেল স্কুল অ্যান্ড কলেজে ২৩.৯১ শতাংশ, খাসমহল বালুচর স্কুল অ্যান্ড কলেজে ১৩.৭৯ শতাংশ এবং সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯.০৯ শতাংশ। অন্যদিকে রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে (পাসের হার শূন্য)।
ধারাবাহিক এ অর্জনে গতকাল শনিবার বিকেলে বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সভাপতি মীর সরফত আলী সপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কলেজের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং দক্ষ পরিচালনায় এ সাফল্য এসেছে। শিক্ষার গুণগত মান ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।