নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
আবারও সাফল্যের স্বর্ণালি অধ্যায় রচনা করলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কৃতী সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা। ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৮টি স্বর্ণ ও ৩টি রৌপ্যপদক অর্জনের পাশাপাশি রিলে ইভেন্টসহ মোট ৫টি জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের সেরা সাঁতারু (মহিলা) নির্বাচিত হয়েছেন মাইশা।
ফাতিহা মাহতাব মাইশা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুমের মেয়ে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানীর মিরপুর-২ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর কমডোর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
মাইশার বাবা মাহতাব উদ্দিন মাসুম মেয়ের এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, গজারিয়া তথা সমগ্র মুন্সীগঞ্জবাসীর জন্য গর্বের। তার এ সাফল্যের পেছনে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, প্রশিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।
মাইশার এমন অসাধারণ অর্জনে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, মাইশার এই সাফল্য গজারিয়ার নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।#####