নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে বাউশিয়া এলাকার একটি সিএনজি পাম্পের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি খন্দকার জালাল উদ্দিন রিমুর সভাপতিত্বে এবং জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, মাহাদী ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিত ভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে পরাজিত শক্তির সকল নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে এবং কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।