রাজধানী ঢাকার পাশের উপজেলা হওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে দিন দিন বাড়ছে জমির চাহিদা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিয়মনীতি উপেক্ষা করে গড়ে উঠেছে একের পর এক অনুমোদনহীন হাউজিং প্রকল্প। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলায় অনুমোদিত হাউজিং কোম্পানি রয়েছে মাত্র ১২টি। অথচ বিভিন্ন ইউনিয়নে ৩০ থেকে ৩৫টি অনুমোদনহীন হাউজিং প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জমি বিক্রির নামে এসব প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করছে।
গতকার বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ড্রিম গ্রীন সিটি, সিলভার গ্রীন সিটি, নাভানা রিয়েল এস্টেট, প্রিন্স সিটি ও বিক্রমপুর আবাসনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড দেখা যায়। তবে এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ কার্যালয়ই তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজদীখানে অনুমোদিত ১২টি হাউজিং কোম্পানি হলো নিউ ঢাকা অ্যালায়েন্স লিমিটেড, নতুনধরা হাউজিং, এনসিওর ল্যান্ডমার্ক, আল-মুসলিম বিল্ডার্স, আমিন মোহাম্মদ হাউজিং, আমিন মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েটস লিমিটেড, এশিয়ান টাউন, মডার্ন এশিয়া প্রপার্টিজ লিমিটেড, মেরিল্যান্ড হাউজিং কোম্পানি, হৃদরং সোসাইটি লিমিটেড, ধলেশ্বরী হাউজিং লিমিটেড এবং মোনার্ক মার্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
প্রশাসনের অনুমোদিত তালিকার বাইরে কেয়াইন, বালুচর, বাসাইল, চিত্রকোট, লতাব্দীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও বহু প্রতিষ্ঠান হাউজিং ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষিজমি ও নিচু জমি বালু দিয়ে ভরাট করে প্লট তৈরি এবং অনুমোদন ছাড়াই জমি বিক্রির অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জমির মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেখানে সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপন করছে কিছু প্রতিষ্ঠান। পরে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এতে অনেক ক্রেতা সাইনবোর্ড ও বিলবোর্ড দেখে জমিগুলো সংশ্লিষ্ট হাউজিং কোম্পানির নিজস্ব জমি মনে করে থাকেন। অথচ বাস্তবে ওই জমি অনেক ক্ষেত্রেই কোম্পানির মালিকানাধীন নয়,শুধু সাইনবোর্ড বা বিলবোর্ড স্থাপনের জন্য ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে যাচাই-বাছাই না করে জমি কিনে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি কেয়াইন ইউনিয়নের শিকারপুর গ্রামে সরকারি অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা ও কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে ‘নিমতলা হাউজিং’ নামের একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা করেন। তবে জরিমানার পরও অনুমোদনহীন হাউজিং প্রকল্পগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
নিমতলা হাউজিংয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। অন্যদিকে ড্রিম গ্রীন সিটি, সিলভার গ্রীন সিটি, নাভানা রিয়েল এস্টেট ও প্রিন্স সিটির কার্যালয় তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরিবেশকর্মী ফেরদৌস হাসান বলেন, সিরাজদীখানের মাটি অত্যন্ত উর্বর। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। হাউজিং কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তা বিক্রির চেষ্টা করছে। এতে একদিকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে। নিয়ম অনুযায়ী যেসব জমি ভরাটের সুযোগ রয়েছে, সেগুলো ছাড়া ফসলি জমি ভরাট বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু অর্থদণ্ড দিয়ে এ সমস্যার সমাধান হবে না। নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি অবৈধ প্রকল্প উচ্ছেদ করা প্রয়োজন। তা না হলে একদিকে ক্রেতারা আর্থিক ক্ষতির শিকার হবেন, অন্যদিকে কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কৃষিজমি ভরাটের খবর পেলেই সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা করে কৃষিজমি রক্ষায় কাজ করছে কৃষি বিভাগ।
তিনি বলেন, সিরাজদীখানে বেশ কিছু অবৈধ হাউজিং কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে অর্থদণ্ডসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, যাতে তারা কৃষিজমির ক্ষতি করতে না পারে। কৃষিজমি যেন আবাসন প্রকল্পের নামে ভরাট করে নষ্ট করা না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ সবসময় সতর্ক রয়েছে।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, অনুমোদিত তালিকাভুক্ত কোম্পানির বাইরে কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে জমি ভরাট বা হাউজিং ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাউজিংগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে ভুঁইফোড় প্রতিষ্ঠানের প্রতারণায় সাধারণ মানুষ বিভ্রান্ত না হন, সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে।
মতামত