মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিশু আছিয়া ও রামিসার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে উপজেলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মানববন্ধনে বক্তারা আছিয়া ও রামিসাসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান বক্তারা।
অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মজিবর রহমান, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া এবং জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই সময় ও স্থানে উপজেলা এনসিপিও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি ও ইমরান হোসাইন, জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. জুয়েল শেখসহ উপজেলা এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থাও।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকার একটি বাসায় শিশু রামিসাকে হত্যা করা হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে আদালতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
মতামত