মুন্সীগঞ্জ শহর ঘেঁষা ধলেশ্বরী নদীর স্বচ্ছ টলটলে পানি এখন দুষিত হয়ে পড়েছে। শহরের উপকন্ঠ চরমুক্তারপুরে বিভিন্ন টেক্সটাইল মিলসের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে বায়ু দূষণ করে চলেছে। মুক্তারপুর ও চরমুক্তারপুরে সিমেন্ট ফ্যাক্টরীর অ্যাশ ও ডাইং ও
প্রিন্টিংসহ অংসখ্য শিল্প প্রতিষ্ঠানের অ্যাশ ও বিষাক্ত বর্জ্যে আক্রান্ত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী। ইতিমধ্যে ধলেশ্বরীর পানি দূষিত হয়ে নিকষ কালো রঙ ধারণ করেছে।
মিরকাদিম নদী বন্দর ঘাট থেকে শুরু করে শহরের কাছে চরকিশোরগঞ্জ এলাকা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় ধলেশ্বরী নদীর পানি পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে প্রাকৃতিক পরিবেশ দূষিত করে তুলেছে। এ অবস্থায় ঢাকার বুড়িগঙ্গা নদীর পর বর্তমানে মুন্সীগঞ্জের ধলেশ্বরী দিন দিন বিপন্ন হয়ে উঠেছে।
সরেজমিন দেখা গেছে, ধলেশ্বরী নদীর পানি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নদী পাড়ের বাসিন্দাদের গোসল করার ক্ষেত্রে হচ্ছে
সমস্যা। মাছও নদীতে না থাকায় এখন আর মাছ শিকারে আসে না জেলেরা । শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীর দু’পাড় ঘেঁষে গড়ে উঠা একাধিক টেক্সটাইল ও ডাইং মিলের নির্গমনকৃত বিষাক্ত বর্জ্য গিয়ে পড়ছে ধলেশ্বরীর বুকে। এ নদীর পাড়েই গড়ে উঠেছে সিমেন্ট
তৈরির বেশ কয়েকটি ফ্যাক্টরী। যার ক্লিংকার ও অ্যাশ উড়ে এসে পড়ছে ধলেশ্বরীর পানিতে। এভাবেই কারখানার বর্জ্য ও সিমেন্টের অ্যাশ ধলেশ্বরীকে বিপন্ন করে তুলেছে।
পশ্চিম মুক্তারপুর এলাকা ঘুরে আরো দেখা গেছে, শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় গড়ে উঠা টেক্সটাইল, ডাইং মিল ও সিমেন্ট তৈরির ফ্যাক্টরী গুলোর বিষাক্ত বর্জ্য নির্গমনের পরিবেশ বান্ধব কোন ব্যবস্থা নেই। ফ্যাক্টরী গুলোতে বজর্য পরিশোধিত ট্রিমেন্ট পান্ট না থাকার কারণে সরাসরি ওই বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। তাছাড়া সিমেন্ট ফ্যাক্টরীগুলোর অ্যাশ উড়ে সরাসরি নদীতে গিয়ে পড়ছে। সিমেন্ট ফ্যাক্টরীতে খোলা মেলাভাবে ক্লিংকার ও অ্যাশ জাহাজে লোড-আনলোড করা হচ্ছে। এছাড়া সিমেন্টের অ্যাশ উড়ে এসে শহর ঘেঁষা ধলেশ্বরী নদীর তীরবর্তী হাটলক্ষীগঞ্জ, নয়াগাঁও, মীরেশ্বরাই, মুক্তারপুর, চরমুক্তারপুরসহ আশপাশ
এলাকার পরিবেশ দূষণ করে চলছে। সামান্য বাতাসেই সিমেন্ট ফ্যাক্টরীর অ্যাশ দ্বারা আশাপাশের সমস্ত এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন ওই সব এলাকাবাসী।
অন্যদিকে নদীর তীরে গড়া ফ্যাক্টরী গুলো নদী দখল করে নিচ্ছে। শহরের উপকন্ঠ চর মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা দখল করে জাহাজ নোঙরের জন্য নির্মিত শাহ সিমেন্ট ফ্যাক্টরীর অবৈধ জেটি স্থাপন করা হয়েছে।
ফ্যাক্টরীগুলো নদী দখল করে নেওয়ায় ধলেশ্বরী নদী এখন সরু খালে পরিণত হয়েছে।
দক্ষিণবঙ্গের ছোট-বড় লঞ্চসহ বিভিন্ন নৌযান রাতে ঝুঁকি নিয়ে চলছে। মুন্সীগঞ্জ প্রশাসন ওই অবৈধ জেটি উচ্ছেদ করতে গিয়ে শাহ সিমেন্ট ফ্যাক্টরীর কর্তৃপক্ষ ও শ্রমিকদের বাঁধার মুখে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীতে রহস্যজনক কারণে উচ্ছেদ অভিযান আজও দেখা মেলেনি।
শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকার বাসিন্দা মো. নুর হোসেন জানান, তাদের এলাকার নারী-পুরুষ ও শিশুরা ব্রংকাইটিস, নিমোনিয়াসহ শ্বাস প্রশ্বাস ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া গাছপালা ও ফসলাদির ক্ষতি হচ্ছে।
এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, তারা নিয়ম ভাঙার অভিযোগে মাঝেমধ্যেই ব্যবস্থা নিচ্ছে। মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, কারখানাগুলোকে ডাস্ট নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা না মানলে জরিমানা করা হয়। এমনকি গত দুই মাস আগেও একটি কারখানাকে এ কারণে জরিমানা করা হয়েছে।
মতামত