বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের লেখক, সাংবাদিক ও সংগঠক রাসেল শেখ দুরারোগ্য ব্যাধি মেরুদন্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন। বর্তমানে তার দিন কাটছে শারীরিক, মানসিক এবং অর্থকষ্টে। ফলে তিনি দেশ ও বিদেশে থাকা মুন্সিগঞ্জবাসীর কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন। পত্র পত্রিকায় তিনি শেখ রাসেল ফখরুদ্দীন নামে লেখালেখি করেন। মুন্সিগঞ্জ লেখক ও সাংবাদিক মহলে বেশ পরিচিত মুখ তিনি।
তিনি ১৯৯২ সালের ১৫ জুন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার বানারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম বাবুল শেখ ও মাতা রাশিদা বেগম। দুই ভাই এক বোনের মধ্যে রাসেল বড়।
তিনি প্রথমে বানারী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন।
২০১০ সালের দিকে তিনি সাংবাদিকতা ও সাহিত্য জগতে প্রবেশ করেন। কলেজে পড়াকালীন সময়ে তিনি বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে জড়িয়ে পড়েন। আত্ম মানবতার কল্যাণে কাজ করার মানষে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত হন৷ এসময় তিনি টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামে উদয়াচল নামক একটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত হন।
২০১১ সালের দিকে তার বেশ কিছু ছোট গল্প ও কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তা পাঠক মহলে বেশ সমাদৃত হয়। তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন বিক্রমপুরের ইতিহাস নিয়ে। বিভিন্ন পত্র পত্রিকায় বিক্রমপুরের ইতিহাস নিয়ে এ পর্যন্ত তার প্রায় এক হাজার ফিচার ছাপা হয়।
বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা ও লেখালেখির বর্তমান প্রজন্মের মুন্সিগঞ্জের তরুণ পাঁচ জনের লেখকের মধ্য শেখ রাসেল ফখরুদ্দীন একজন। তিনি দীর্ঘদিন সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার সাহিত্য সম্পাদক ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সহ সভাপতি পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিক্রমপুরের সোনারং গ্রামের কৃতি সন্তান সত্যেন সেনের প্রতিষ্ঠিত উদীচী সংগঠনের সাথেও জড়িত ছিলেন। বর্তমানে তিনি টঙ্গিবাড়ী থানা জনকল্যাণ সংঘ ও পাঠাগারের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন তিনি টঙ্গিবাড়ী প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মাসিক বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সিগঞ্জ টাইমস, বিক্রমপুর চিত্র, মুন্সিগঞ্জের খবর, মুন্সিগঞ্জের বার্তা, বাংলার বর্ণমালা, দি নিউজ স্টেশন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন৷ এছাড়াও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি ছিলেন।
সামাজিক নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ ও বিক্রমপুরের ইতিহাস নিয়ে লেখালেখির কারনেই মূলত মুন্সিগঞ্জের অনেকের কাছে তিনি বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন।
হঠাৎ করে ২০২৩ সালের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। নানাবিধ পরিক্ষা নিরিক্ষার পর তার দুরারোগ্য মেরুদণ্ডের ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তেরটি রেডিওথেরাপি ও সাতটি কেমোথেরাপি নিয়েছেন। আরো পাঁচটি কেমোথেরাপি নিতে হবে। কেমোথেরাপির পর করাতে হবে মেরুদন্ডের সার্জারী।
২১ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়। অসুস্থতা জনিত কারনে আড়াই বছরে তিনি প্রচুর অর্থ চিকিৎসা ব্যয় করেছেন। বর্তমানে আর্থিক টানাপোড়েনের কারনে তিনি একা তাঁর চিকিৎসা খরচ চালাতে পারছেন না। তাই সমাজের সবার কাছে তিনি আর্থিক সাহায্যে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মতামত